Kalyanmoy Gangopadhyay

পার্থের পরে জামিন পেলেন কল্যাণময়, নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি প্রাক্তন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতির

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের অভিযোগে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় শর্তসাপেক্ষে হাইকোর্টে জামিন পেলেন। এর আগে ইডির মামলায়ও তিনি জামিন পেয়েছিলেন। সাক্ষীর বয়ান সম্পূর্ণ হওয়ায় মুক্তির পথ খুলল।

কল্যাণময় গঙ্গোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৫:৩১

আগেই জামিন পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পর এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আদালত সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন কল্যাণময়। এবার সিবিআইয়ের মামলাতেও মিলল স্বস্তি। একাধিক শর্তের ভিত্তিতে তাঁর জামিন অনুমোদন হওয়ায় জেলমুক্তিতে আর কোনও বাধা রইল না।

নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা-সহ আরও কয়েকজনের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নামও উঠে এসেছিল। যদিও সুবীরেশ ও এসপি সিনহা আগেই জামিন পেয়েছেন। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়ার পরই কল্যাণময়ের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে যুক্তি দেখান, “সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, পার্থ চট্টোপাধ্যায়— সবাই জামিন পেয়েছেন। অথচ কল্যাণময় গঙ্গোপাধ্যায় এখনও জেলে।”

সূত্রের খবর, গত সোমবারই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে জামিন দিতে রাজি ছিলেন। তিনি জানান, যেসব সাক্ষীর বয়ান গ্রহণ বাকি, সেই প্রক্রিয়া শেষ হলেই মুক্তির নির্দেশ দেওয়া হবে। কিন্তু সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী তখন আশঙ্কা প্রকাশ করেন যে, গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান এখনও নেওয়া হয়নি। আগে বয়ান গ্রহণ শেষ হওয়া জরুরি, নাহলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। সেই কারণে জামিনের আবেদনের রায় স্থগিত রাখা হয়েছিল। অবশেষে সমস্ত দিক বিবেচনা করে এদিন বিচারপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করলেন।।


Share