Bomb Threat

রাজ্যের একাধিক আদালতের পরে এ বার ডাকঘর অফিসে বোমাতঙ্ক, ভয়ে অফিস ছাড়লেন কর্মীরা

এ বার বৃহস্পতিবার রাজ্যের একাধিক ডাকঘর অফিসে বোমা রাখা আছে বলে হুমকি আসে। ই-মেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

তদন্তে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৯

মঙ্গলবার কলকাতার সিটি সিভিল কোর্ট, মুর্শিদাবাদ দায়রা আদালত, চুঁচুড়া আদালত-সহ একাধিক রাজ্যের আদালতের বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছিল। এ বার বৃহস্পতিবার রাজ্যের একাধিক ডাকঘর অফিসে বোমা রাখা আছে বলে হুমকি আসে। ই-মেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এ দিন প্রতিদিনের মতোই নদিয়ার রানাঘাট ডাকঘরে কর্মীরা কাজে আসেন। কিন্তু শুরু করতেই তাদের মধ্যে আতঙ্কের রেশ ধরে পড়েছে। অফিসের উচ্চপদস্থ অফিসাররা তাঁদের জানান অফিসের মধ্যে বোমা রাখা আছে এমন একটি হুমকি মেল এসেছে। সঙ্গে সঙ্গে ডাকঘরের সমস্ত কর্মীদের অফিস থেকে বের করে দেওয়া হয়। 

পাশাপাশি এ দিন মালদার ইংরেজ বাজারে মকদুমপুরের পোস্ট অফিসেও একই ঘটনা ঘটে। সমস্ত কর্মীদের বাইরে বের করে দিয়ে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এই পোস্ট অফিসেই রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র। এই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল সুপারেনটেনডেন্ট, জানিয়েছেন, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে পোস্ট অফিস বন্ধ রাখা হয়েছে। বোমাতঙ্কের অ্যালার্ট  এসেছে। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ।

তাঁর সঙ্গে বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া পাসপোর্ট অফিসে ও শ্রীরামপুর পোস্ট অফিসে বোমাতঙ্ক। ই-মেলে মাধ্যমে আরডিএক্স বিস্ফেোরনের হুমকি দেওয়া হয়। জানাজানি হতেই মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়।  আতঙ্কে  অফিস কর্মীরা বাইরে বেড়িয়ে আসে। শ্রীরামপুরে পোস্ট অফিস সংলগ্ন একটি স্কুলেও বোমা রাখার খবর যায়। ভিভাবকরা দ্রুত 

তাদের সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। চুঁচুড়ার পাসপোর্ট অফিস ও পোস্ট অফিসের কাজকর্ম আপাতত বন্ধ রাখা হয়েছে। চন্দননগর পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ঘটনাস্থলে উপস্থিত হয়। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। 

পাশাপাশি কলকাতার রুবি ও ব্রাভন রোড পাসপোর্ট অফিসেও বোমা রাখা হয়েছে বলে ই-মেল আসে। প্রতিটি অফিসের মতোই এই অফিসে গুলিতেও সমস্ত কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে অফিস গুলি বন্ধ রাখা হয়েছে।


Share