Death

এন্টালি থানা এলাকায় নির্মীয়মাণ বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল তিন বছরের শিশুর, দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে

বুধবার বিকেলে কলকাতার এন্টালি থানা এলাকার কনভেন্ট লেনে নির্মীয়মাণ বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মায়ের সঙ্গে নির্মীয়মাণ আবাসনের ছাদ থেকে কাপড় তুলতে গিয়ে দুর্ঘটনা বলে জানা গিয়েছে। এরপর সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে তাকে নীলরতন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০২:০৬

নির্মীয়মাণ বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার এন্টালি থানা এলাকার কনভেন্ট লেনে। পুলিশ সূত্রের খবর, মৃত শিশুর নাম প্রীতম রাজবংশী৷ মায়ের সঙ্গে নির্মীয়মাণ আবাসনের ছাদ থেকে কাপড় তুলতে গিয়ে দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ মা-এর সঙ্গে একটি নির্মীয়মাণ চারতলা বাড়ির ছাদ থেকে শুকনো কাপড় তুলতে যায় প্রীতম। এরপর কাপড় তোলা হয়ে গেলে নীচে নামার সময়ে ছেলেকেও নেমে আসতে বলেন কাজল। কিন্তু, ছাদ থেকে নীচে নেমে আসার পরে প্রীতমকে কোথাও দেখতে পাননি মা কাজল কুমারী। এরপরেই প্রীতমের বাবা রাজকুমার রাজবংশীকে সমস্ত ঘটনা জানান কাজল।

এরপরে শিশুটির বাবা এন্টালি থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন। পুলিশ এলাকায় পৌঁছে নির্মীয়মাণ ওই আবাসনে তল্লাশি শুরু করে। তখনই লিফট ডাক্ট বা লিফট বসানোর ফাঁকা জায়গা থেকে প্রীতমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে তাকে নীলরতন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথায় গভীর ক্ষত রয়েছে। তাঁদের অনুমান, অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হলো তা জানতেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


Share